লিমেরিক গুচ্ছ
অর্ঘ্য ঘোষ
কালের আলাদীন
কারা যেন বলল সেদিন , আসছে নাকি বহুৎ আচ্ছা দিন।
তাই না শুনে দুহাত তুলে নাচছি মোরা তা ধিন ধিন ধিন।।
দিনে দিন ফুরোল দিন , সেদিন এলো কই
অথৈ জলে খাচ্ছি খাবি ,পাচ্ছি নাকো থই।
মিথ্যা মেকীর চিরাগটাতে তেল যোগাচ্ছে কালের আলাদীন।
-----০-----
তোলাবাজ
তোলাবাজে দেশ ভরেছে , শেষ করেছে সব।
মিছেই মোরা মরছি কেঁদে ,করছি কলরব।
ভাবের ঘরে সবাই দিচ্ছে কুক
আয়নাতে আজ কেই'বা দেখে মুখ ?
জোয়ারেতে চলেছে ভেসে মানুষরূপী শব।
------০-------
পার্টিবাজি
আর যাবো না ইস্কুলেতে , করব পার্টির ক্লাস ।
পার্টিবাজি করেই এবার থাকব বিন্দাস।
এ জগতে শিক্ষার কিই'বা আছে দাম
শিক্ষিতেরাই আকাটের খাটছে গোলাম
তারাই দেখি কাটছে এখন নেতার ঘোড়ার ঘাস।
------০------
পড়ুন / পড়ান
নজর রাখুন / সঙ্গে থাকুন
১৯ নভেম্বর থেকে প্রতিদিন সকাল ১০ টার মধ্যে প্রকাশিত হচ্ছে
ধারাবাহিক উপন্যাস
সালিশির রায়
সালিশি সভার রায়ে সর্বস্ব হারানো এক আদিবাসী তরুণীর ঘুরে দাঁড়ানোর , অন্যকে দাঁড় করানোর মর্মস্পর্শী কাহিনী অবলম্বনে ধারাবাহিক উপন্যাস --
খুব কাছে থেকে দেখা আদিবাসী সমাজের এক তরুণীর মর্মান্তিক পরিণতির ঘটনা । একসময় ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমে তোলপাড় হয়েছিল। কিন্তু সংবাদ মাধ্যমের নজর এড়িয়ে গিয়েছিল অনেক ঘটনা।সেই ঘটনাই তুলে ধরা হয়েছে এই কাহিনীতে। আদিবাসী সমাজের ভাষা আলাদা , কিছু কিছু ক্ষেত্রে হয়তো ভাবের প্রকাশও আলাদা। কিন্তু দুঃখ , জ্বালা , যন্ত্রণার অভিব্যক্তি মনে হয় মানুষ মাত্রেরই এক।সেই সব জ্বালা যন্ত্রনার অভিব্যক্তি বৃহত্তর সমাজের উপযোগী ভাষা এবং ভাবের প্রকাশ ভঙ্গিতে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। ত্রুটি -বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক।তাই সবিনয়ে আগাম মার্জনা চেয়ে নিচ্ছি। একটাই প্রার্থনা , ভালো লাগলে বলুন , বলুন খারাপ লাগলেও।ধন্যবাদ।



No comments:
Post a Comment