Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

কবিতাগুচ্ছ --১৩


          

    কবিতাগুচ্ছ --১৩ 

                     

  

  তোমার শরীর হতে



       অর্ঘ্য ঘোষ


কেকা , আজ তুমি কি দাঁড়াবে
সামনে একটুক্ষণ ?
একটা কবিতা চাই --
জীবনের মতো সুন্দর একটা কবিতার
আজ বড়ো প্রয়োজন।
কবিতার আকাল পড়েছে বড়ো।
সাজানো সংসার তছনছ করে দিয়ে
চলো যাই কবিতার সন্ধানে।
গ্রীবা উঁচু করে
সাম্রাজ্ঞীর মতো একটু দাঁড়াও
তোমার শরীর হতে একটা
কবিতার জন্ম হোক।


      ---০---   




 সমবেত প্রার্থনায়



এবারে বরং
খুলে ফেল সব বেশবাস।
ঢেকে ফেল মুখ ,
মুখের প্রতিবিম্ব কতটা সুখের
বোঝা গ্যাছে ঢের।
গালে যেন বানরের লোম
আজো পাই টের।
দাঁতাল সময় মেতে উঠে
মাতাল শববাহকের উল্লাসে।
এসো , এসময়  নতজানু হই
কংস কারাগারে ,
দৈবকীর সমবেত প্রার্থনায়।


     ----০----




জলে বাঘ ডাঙ্গায় কুমির


কপাল পোড়া হলে এ রকমই হয় ,
কুমির বাঘেও ঠিকানা বদলায়।
জলের জন্য কেটেছিলাম খাল
জলের সঙ্গে এলো বাঘ।
কপাল পোড়া হলে এ রকমই হয়।
বনের জন্য পুঁতেছিলাম গাছ
এখন সে বনে কুমীর দেখায় নাচ।
অথচ এমন তো হওয়ার ছিল না কথা
আসলে কপাল পোড়া হলে
বনের বাঘ থাকে জলে।
জলের কুমির বাসা বাঁধে ডাঙ্গায় ,
এখন আমি কোনদিকে যায় ? 
কপাল পোড়া হলে এমনই হয়
সেখানেই সন্ধ্যা নামে যেখানে যার ভয়।



       ---০---



 মুনিয়া মেঝেনের কথা 



মুনিয়া মেঝেন পাথর ভাঙ্গে দিনরাত , 
খাদানের পথ ভাঙা তার কাছে জল ভাত।
মুনিয়া মেঝেনের মরদের বড়োই অসুখ 
পাথরের গুড়োয় বুজে গ্যাছে তাজা বুক।
খুক খুক কাশে আর শুধু ওঠে রক্ত।
সেই থেকে মুনিয়ার বাঁচাটাই হয়ে গ্যাছে শক্ত।
হাজারো নষ্ট হাত তার কাছে আদিম আশ্রয় খোঁজে। 
মরদের কথা ভেবে মুনিয়ার বুকে বড়ো বাজে।
বাঁচা ও বাঁচানোর তাগিদ মুনিয়াকে  নাগপাশে বাঁধে।
মুনিয়ার মেঝেনের দুঃখে খাদানের বাতাস কাঁদে।
মুনিয়ার বুক বড়ো বেশি ভারী , ভরা পারাবার।
তবু সে বলেছিল ,  বাবু ইদিকে এলে আসিস আবার।
মুনিয়া মেঝেনের সে কথা আজও বাজে কানে।
কেমন আছে সে এখন কে জানে  ? 


   ----০---  



   একদিন আগুন জ্বলবেই 



মারীচ মায়ায় শতাব্দীর স্বপ্ন ভেঙে খান খান , 
মরুময় শুষ্কতায় রচিত ভাগ্যহতের ললাটলিপি।
জানি মহাকাল একদিন নির্মম কুঠার হানবেই।
ধর্মের ছুরিকাঘাতে পৃথিবী এখন রক্ত পিছল ,
মানুষের মায়ামাখা এই পৃথিবীতে  
রক্তস্রোতের কলঙ্কিত ইতিহাস 
একদিন ঠিক মুছবেই।
শোষন যন্ত্রনায় কুঁকড়ে যাওয়া সংকুচিত বুকে 
উদ্দাম , উচ্ছল উদার উন্মাদনা নিয়ে 
জীবনে স্পন্দন একদিন জাগবেই।
লোভ হিংসায় আত্নবিস্মৃত মানুষ 
আত্মমহিমার অকাল মৃত্যু যে বড়ো বেমানান 
সেকথা একদিন বুঝবেই।
চেতনার অন্তিম চিতাশয্যা হতে প্রবল উত্তাপ নিয়ে 
ভীরুতা , ক্লীবতা আর ভেদাভেদ মুছতে 
একদিন আগুন ঠিক জ্বলবেই।


  ----০---




No comments:

Post a Comment