অন্য ভূমিকায়
অর্ঘ্য ঘোষ
মাঝে মধ্যে মানুষকে
অন্য ভূমিকায় দেখি।
তখন মনে হয় বেঁচে থাকি।
দুনিয়াটাকে মাঝে মধ্যে
রক্ত শুন্য মনে হয়।
রক্তের ওম খুঁজি
বেভুল জায়গায়।
মাঝে মধ্যে বুক চিতিয়ে
দাঁড়ায় মানুষ।
তখন মনে হয় বেঁচে আছি।
এছাড়া নিজেদের মৃত মনে হয়।
----০----
ফেরা
অর্ঘ্য ঘোষ
ফিরে পাবো না জেনেই তো
এত করে ভালো বেসেছি।
চিরদিন কাছে থাকতে চাই
তাই দুরে সরে যাওয়া।
কাছে থাকা মানেই তো
শুধুই পুরনো হওয়া।
ভালোবাসা তুমি বরং
আজ শুধু খেয়ে পড়ে বেঁচে থাকো।
কিম্বা গৃহস্থের গোবর নিকানো উঠোনে
শুয়ে থাকো কিছুকাল।
পূর্ণ হোক পাপের ঘর ।
ক্ষমা আছে বলেই
সব পাপ দুহাতে মেখেছি।
তবু যদি বুকে হাত রাখ
টের পাবে ভালোবাসার স্পন্দন।
আজও প্রতীক্ষায় থাকি ,
থেমে গেলে প্রগলভতা
যাবতীয় ভালো লাগা নিয়ে
ফিরে যাব ভালোবাসার কাছে।
মুখে মুখ রেখে উত্তাপ নেব
দারুন দুঃসময়ে।
---০---
ঘনঘটা
মেঘের ঘনঘটায় আকাশের মুখটি হলো কালো ।
পুজোর দিনে মাগো এমন লাগছে নাকো ভালো।।
সারা বছর তাকিয়ে থাকি ,চারটে তো দিন মোটে ।
মুখটি তুলে তাকাও মাগো , সবার মুখে হাসি যেন ফোটে।
-----০-----
দুঃসময়ে
অর্ঘ্য ঘোষ
কেন এত বড়ো শরীর নিয়ে তুই
জন্মেছিলে এই দুঃসময়ে ?
ভাত কাপড়ের এখন যে বড়ো টান।
টানাটানির টানাপোড়নে
নিজের আগুনে তুই নিজেই
পুড়বি ভেবে ভেবে
তোর বুড়ো বাপ আরও বুড়িয়ে গেল।
তোর এই সুন্দর মুখ , উন্নত বুক
কি দিয়ে ঢাকি বলতো ?
ভাত কাপড়ের এই দুঃসময়ে
তুই বরং তোর শরীরটাকে
আগুন দিয়েই ঢেকে রাখ ।
---০---
ভাবনার কোরক
অর্ঘ্য ঘোষ
ভেবেছি বোঁটাসুদ্ধু রজনীগন্ধা
তুলে দেব তোমার হাতে।
কিম্বা পড়ন্ত বিকেলে
চালচিত্র দেখাব জীবনের।
এখন আমার আঙিনায়
একটা শালিক চড়ে।
দুর্দান্ত সময়ের ফেরে
ভাবনারা অতলে তলায়।
ভেবেছি জীবনে জীবন জড়িয়ে
হেঁটে যাব আবাডাঙ্গার আলপথে ।
আমার ভাবনার চৌহদ্দি পেরিয়ে
শুধু একটা শালিক চড়ে।
দিনরাত খুঁটে খায়
ভাবনার সোনালী কোরক।
---০---
স্বপ্নহীন
অর্ঘ্য ঘোষ
স্বপ্ন ভেঙ্গে যায় ,
আমাদের কারো না কারো
স্বপ্ন ভেঙ্গে যায় প্রতিদিন।
কত চেনা মুখ হারিয়ে ফেলি
জীবনের অ্যালবাম হতে।
ক্ষ্যাপার মতো খুঁজে ফিরি
পরশ পাথর।
আজ বড়ো আক্ষেপ হয় ,
ঠিক যেভাবে ইচ্ছে ছিল
সেভাবে ফুল ফোটাতে পারি নি।
সময়ে পরিচর্যা করা হয়নি বলে
আজ বাগানে বড়ো বেশি আগাছার ভীড়
এ দুঃসময়ে ফুলেরা হারিয়ে গ্যাছে।
কার কাছে নতজানু হবো আজ ?
মাথার ভিতর অদৃশ্য ঘড়ি
টিকটিক করে দিনরাত।
আজ কোথাই সেই নিটোল স্বপ্নের রাত ?
স্বপ্ন হারাতে হারাতে আমরা ক্রমশ
স্বপ্নহীন হয়ে যাচ্ছি দিন দিন।।
----০---
No comments:
Post a Comment