ছড়া গুচ্ছ
অর্ঘ্য ঘোষ
বোষবাবু
রোষ ভরে বোষবাবু করে ওঠে ফোঁস।
আশুতোষ ঘোষ বলে এই ওর দোষ।
হারালেই কোন কিছু
ডেকে বলে ওরে বিছু ,
নিয়েছিস দিয়ে দে'না যদি তুই হোস ।।
----০----
ভোম্বল
করে সম্বল লোটা কম্বল ,
সেখ ভোম্বল গেল চম্বল।
ধরে বন্দুক ভাঙ্গে সিন্দুক ,
করে নিন্দা যত নিন্দুক।
দিন দুপুরে তাড়ে কুকুরে
মুখ থুবুরে পড়ে পুকুরে।
ভয়ে ভোম্বল ছাড়ে চম্বল,
করে সম্বল পেট অম্বল।
----০----
পল্লী
টিপটিপ আলো জ্বলে ঢিপ ঢিপ করে বুক।
খুক খুক কাশিতে উঃ কি আরাম কিবা সুখ।
মুচমুচে তেলেভাজা ,কুচকুচে কালো চুল ,
লকলকে গাছ আর টকটকে লাল ফুল।
এই নিয়েই পল্লীর মায়ামাখা গৃহকোণ
মনে হয় মিশে যায় দিয়ে সব প্রাণ মন।।
----০----
ফেলারাম
ফেল করে ফেলারাম।
পাড়ে শুধু আম জাম।
গাছে ওঠে দুড়দাড় ,
কভুও বা খায় আছাড়।
বুঝে গ্যাছে ফেলারাম
ফেল করা কি আরাম।
----০----
মন উড়ে যায়
গুণগুনিয়ে
গান শুনিয়ে ,
মশা কামড়ায়
কচি চামড়ায়।
মোষ রুষিয়ে
দেয় ঢুঁসিয়ে ,
বুক চাপড়ায়
মন ঘাবড়ায়।
খিদে লাগিয়ে
চনচনিয়ে ,
পেট জ্বলে যায়
করে আইঢাই।
ধুলো উড়িয়ে
ফরফরিয়ে
বায়ু বয়ে যায়
মন উড়ে যায়।
----০----
আজব খাবার
ধরে যদি খেতে পারো গোটা ক'য় গোছো ব্যাঙ ,
ক'দিনেই বেড়ে যাবে ছোট যদি থাকে ঠাং।
পারবে কি খেতে কভু টিকটিকির ছেঁচকি ?
খেলে জেনো কখনোই উঠবে না হেঁচকি।
খাও যদি গোটা গোটা আরশোলা পোস্ত।
খুলে যাবে মাথা জেনো , বিদ্বান হবে তুমি মস্ত।
পেট ভরে খাও যদি লাল কেঁচো ভাজা।
সব সময় থাকবে জেনো তুমি তাজা।।
----০----
স্মৃতির কীর্তি
স্মৃতিকণার কীর্তি শোন বলছি চুপি চুপি।
কাউকে কভু বোল না যেন , ব্যাপারটা আজগুবি।
পড়ার সময় খেলা করে , কাজ যে ফড়িঙ ধরা।
বকাঝকা করলে তারে মাথায় করে পাড়া।
পাড়া জুড়ানী মাসি পিসি অনেক আছে তার ,
তাদের কাছে স্মৃতি ধরে ফড়িঙের আবদার।
বন বাদারে ঘোরে তারা , ফড়িঙ নাহি পায়।
বিপদ বুঝে ফড়িঙরা সব পালিয়েছে মুম্বই।


No comments:
Post a Comment