লিমেরিক গুচ্ছ
অর্ঘ্য ঘোষ
ধন্যশালা
তেজপুরী জামাইয়ের ভোজপুরী শালা।
দুবেলাতে ভাত খায় ঠেঁসে চার থালা।
বাই তার খাই খাই
না হলেই কাঁই কাঁই
তাকে নিয়ে জামাইয়ের প্রাণ ঝালাপালা।।
----০---
চাওয়া
চনমনে রোদ চাও কনকনে শীতে।
দুঃখ একসাথে চাও ভাগ করে নিতে।
গরীবেরে ভালোবাসা ,
সকলের সাথে মেশা ,
ফুটফুটে আলো চাও বিদঘুটে রাতে।
---০---
ভাবনা
বিশু হলো ছোটলোক , তাই বিশু বিশে ।
কি যাদুতে গদা হলো গদাধর নেই কোন দিশে।
ছোটখাটো লোক মোরা
বল দেখি ভেবে তোরা
এমন ধারা নামগুলো সব পালটালো কিসে ?
----০----
দুগলি পিসি
গুগলি খেয়ে দুগলি পিসি ফেলেছে শোরগোল ,
মাছের দরে আগুন ঝরে , গুগলিতে নেই গোল।
তাই তো পিসি খুঁজছে পালং শাক ,
গুগলি শাকেই লাগিয়ে দেবে তাক।
মাছের শোকে পিসেই শুধু কোলে টানে ঝোল।
----০---
পুলিশ মামা
পুলিশ মামা -পুলিশ মামা তোমার পেটটা কেন মোটা ,
এমন ধারা মোটা হলে মা তোমারে আর দেবে না ফোঁটা।
দুটি হাতে এত এত না'ই বা খেলে আর
দিনেরাতে অনেক হলো , আর কি দরকার ?
তোমার জন্য সবখানেতে আমাদেরও কান যে যায় কাটা।
----০----
ভ্যাবলবাবু
শাবলপুরের ভ্যাবলবাবুর ইয়া বড়ো গোঁফ।
গোঁফ মুচড়েই ভ্যাবলবাবু ঝোঁপ বুঝে মারে কোঁপ।
তার দাপটে বাঘ-গরুতে এক ঘাটে জল খায়।
তার ভয়েতে ছেলে - বুড়ো সবাই মুর্ছা যায়।
শুধু গিন্নির কাছে ভ্যাবলবাবুর জারিজুরি সব লোপ।


No comments:
Post a Comment