শিক্ষার গান
অর্ঘ্য ঘোষ
দেব না আর টিপছাপ , করব এবার সই।
সবার জন্য শিক্ষা জগতে ফেলেছে হইচই।
চোখ থাকতে আর রবো না অন্ধ ,
সব খানেতে রাখবো না মুখ বন্ধ।
হুজুরে হাজির থাকার দিন ফুরোল ওই।।
মানুষ হয়ে বাঁচবি যদি পড়বি রে আয় বই।
শিক্ষা ছাড়া মানুষ যে ভাই জল ছাড়া কই।
শিক্ষার নেইকো বয়েস , নেইতো কোন সীমা ,
ভেদাভেদ ঘোচাই সবার , শিক্ষার এমনই মহিমা।
তাই তো বলি ,আর কেন ভাই পরভরসায় পড়ে রই।।
----০----
শেষের গান
অর্ঘ্য ঘোষ
গাঁ মুখো পা করে চলে যাবো একদিন আমরা সবাই।
তবে কেন এত হানাহানি খুনোখুনি সারা দুনিয়ায়।
পড়ে রবে এই মাঠ ঘাট , এই বাড়ি ঘর ,
মিছে শুধু করি মোরা আপন আর পর।
সব ভুলে এসো আজ মানবতার গান গাই ।
যাবার যা যাবে চলে , তবে কেন হই আকুল বৃথাই ,
কালের স্রোতে হারিয়ে যাব জানি না কবে যে কোথাই।
তবে কেন শুধু মিছে হিসাব কষি ,
কি এল আর কি গেল মিছে ভাবতে বসি।
যতদিন আছি এসো হেসে খেলে আনন্দে কাটাই।।
---০---
তেলাপোকার টিপ
অর্ঘ্য ঘোষ
মরদ আমার তেলাপোকার টিপ দেবে
তু দিবি কি রে , তু দিবি কি ?
ক'টা টাকা ধরিন দিঁয়ে বুলবি
যা , আবার কি।
তাই তো বুলি , লিচ লজরে দেখিস না ,
ছুঁকছাঁক তু করিস না
আমার ভালো লাগে না রে
আমার ভালো লাগে না।
এমনি করলি মরদ আমার ঘরে লিবে না
তখন আমার হবে কি ?
তোর জমিনে কামটো করে পেট ভরবে
সব ভরবে কি ?
---০---
প্রান্তজীবির গান
অর্ঘ্য ঘোষ
ও নেতাবাবুরে , জমি জিরেত সব ঘুরে নে ।
তোর পায়ে পড়ি , শুধু আমার বৌ ফিরে দে।
সংরক্ষণের দোহাই পেড়ে সেই যে বৌ করলি বার।
প্রধান হয়ে বৌ আমার ঘরে ফিরল না তো আর।
তোদের কথায় নাচে বৌ , আর তারে নাচায় আমাকে।।
দিন নেই , রাত নেই বৌ নাচে তোদের নাচনে।
উথাল পাথাল করে মন , মরি মনের জ্বলনে।
ভালোই ছিলাম পান্তা ভাত আর কলমি শাকে ,
আজ সব হারালাম তোদের পাকে ।
এখন টানাটানি করতে গিয়ে লোকলজ্জায় মরি সমানে ।।
----০-----


No comments:
Post a Comment