লিমেরিক গুচ্ছ
অর্ঘ্য ঘোষ
মূল্যবোধ -- ১
কার ঘাড়ে কটা মাথা হক কথা বলবে।
কার বুকে কত দম সোজা পথে চলবে।
নুয়ে নুয়ে একেবারে ঝুলে গ্যাছে ঘাড়টা
ভাট বকে কমে গ্যাছে বাক্যের ধারটা
কার পায়ে কত জোর সব বাধা দলবে ?
----o----
মূল্যবোধ -- ২
সব খানে লাল চোখ ,পুড়িয়েই মারবে।
সব হাতে বাঘ নখ , কলিজাটা ফাড়বে।
দৃষ্টিটা আজ বড়ো ঘোলাটে
সবকিছু বন্দী বইয়ের মলাটে
ভয়ে মরি , খাঁড়াটা কার ঘাড়ে পড়বে।
----০---
মূল্যবোধ -- ৩
মরে শুধু বেঁচে আছি অন্যের গরজে
ন্যায় নীতি বোধটাই চলে গ্যাছে খরচে।
বাজিকরে কলকাঠি নাড়ছে
ভেদাভেদ তাই ঘাঁটি গাড়ছে
শক্তের ভক্তরা চিরকালই নরমের দড় যে।
-----০----
মূল্যবোধ -- ৪
শিড়দাড়া বেঁকে গ্যাছে সীমাহীন আপোষে
সাহসটা মাথা কোটে বারোয়ারি পাপোষে
লাথি ঝাঁটা হয়ে গ্যাছে জলভাত
অন্ধের কি'বা দিন কি'বা রাত
লেজহীন শিয়ালেও কুমিরেরই ছা'পোষে।
-----০----
মূল্যবোধ -- ৫
বিবেকটা মাঝ মাঠে পড়ে একা কাতরায়
কাটা ঘুড়ি হয়ে বিশ্বাস মগডালে লাট খায়।
ঝোপ বুঝে কোপ মারে সব
শামুকের খোলে যত কলরব
বেহায়া মনটাই মাঝে মাঝে করে শুধু হায় হায়।
-----০----
মূল্যবোধ -- ৬
সময়টা অদ্ভুত , ভুতে করে রামনাম।
শয়তানে পুজো পায়,হলে পরে বিধিবাম ,
রঙ মেখে সেজে সঙ
আকাটেরা করে ঢঙ
কালে কালে এ কি হলো হায় রাম ?
-----০-----
মূল্যবোধ -- ৭
জানি নাকো যাব কোথা , তবু পথ চলছি।
এক বুক আগুনেতে নিজে শুধু জ্বলছি।
অবেলায় আঘাটাতে দাঁড়িয়ে
নটে গাছ খায় দেখি মুড়িয়ে
সব ভুলে আজ শুধু গোলে হরিবোল বলছি।
----০----
মূল্যবোধ -- ৮
কে না জানে এই ভাবে বাঁচাটা কোন মতে বাঁচা নয়।
জীবন তো একটাই , তবে কেন দিনগত পাপক্ষয় ?
বাচতেই হয় যদি কেন মরে থাকব ?
জীবনটা হাতের মুঠোয় ধরে রাখব।
লাগাতর হার শেষে একদিন অবশেষে ঠিক জোনো হবে জয়।
-----০----
মূল্যবোধ -- ৯
তার চেয়ে এসো দেখি ঘাড়টাকে উঁচিয়ে।
বুকের আগুনটাকে জ্বেলে দিই খুঁচিয়ে।
ভয় ভুতো দুরে যাক
জীবনটা সুরে পাক ,
সূর্য তো উঠবেই আঁধার সব ঘুচিয়ে।


No comments:
Post a Comment