লিমেরিক গুচ্ছ
অর্ঘ্য ঘোষ
শিক্ষাশোক - ১
ইস্কুলে আর হয় না পড়া সবাই নাকি টিউশানিতে যায়।
পড়াশোনা করে নাকো, নোট সাজেসান গুলে গুলে খায়।
তাতেই নাকি কেল্লা ফতে
চলছে সবই বাঁধা গতে
স্কুলগুলোতে হয় কি তবে , ভেবে ভেবে কুল কিনারা নাই।
---০---
শিক্ষাশোক--২
ধুতি পড়া চশমা চোখের রাশভারি সেই স্যারেরা আজ নেইকো আর
স্কুলে এখন কে এলো আর কেই বা গেল দেখার দায় কেঁদেছে কার।
সেসব দিনে মাইনে নাকি ছিল কয়েক আনা
মাস্টারদের মাথায় ছিল হাজার গন্ডা দেনা ,
তবুও সেই স্যারেদের অন্তরেতে ছিল নাকো নেই নেই হাহাকার।
----০----
শিক্ষাশোক --৩
মনের মাঝে আজও আছে সোনালি সেই দিন ,
পণ্য নয় , সেসব দিনে শিক্ষা ছিল ঋণ
সেই ঋণেতে বন্দী ছিল সব
সে সব আজ শুধুই অনুভব।
পড়লে মনে সংগোপনে ব্যাথায় বুক করে চিন চিন।
----০----
শিক্ষাশোক - ৪
সে সব দিনে ছড়ি ছিল , দাওয়ায় ছিল নানা
মারধোরেতে ছিল নাকো মাস্টারদের মানা
এখন তাদের হাত বেঁধেছে আইন
ঝুলছে খাড়া জেল-জুজুর ফাইন
দিনগুলো সব কোথাই গেল , নেই তো কারো জানা।
----০---
শিক্ষাশোক - ৫
ভাবতে বড়ো অবাক লাগে ইস্কুলে কি হয় না কিছুই আর ?
খাওয়া দাওয়া মিটিং-মিছিল , ব্যাপারটা রোজকার
গড্ডালিকায় গা ভাসিয়ে মারছে নেপোয় দই
কেউবা আবার ভাজছে শুধু জো-হুজুরের খই,
শিক্ষালয়ে শিক্ষারই তাই দেখা পাওয়াটা হয়েছে দুস্কর।
-----০----
শিক্ষাশোক -- ৬
তারই মাঝে কেউ তো আছে , ভাবেছে অন্য রকম কথা
অবক্ষয়ের এই দুনিয়ায় অন্য ঘামে ভিজছে কিছু মাথা।
কালের স্রোতে তারই খাচ্ছে লুটোপুটি
দাঁড়িয়ে জগত শুধু হাসছে মিটিমিটি ,
আত্মগ্লানির পাহাড় চূড়ায় আজ আমরা মুখ লুকাবো কোথা ?


No comments:
Post a Comment