Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

লুপ্তপ্রায় খেলা -- ৫







                                                               
   
     ( শুরু হোল হারিয়ে যাওয়া বা হারিয়ে যেতে বসা বিভিন্ন খেলা নিয়ে ধারাবাহিক লেখা )


               লুপ্তপ্রায় খেলা -- ৫ 

                                                                                                                   
                                                       

                                  
            
                    ( ছবি -- সোমনাথ মুস্তাফি )

             
                               ঘানি ঘোরা  


এক সময় তৈলবীজ থেকে তেল বের করার জন্য বলদ গরু বা ষাড়কে চোখে লাল কাপড় বেঁধে ঘানি যন্ত্রে পাকে পাকে ঘোরানো হত ।মূলত ' কলু ' সম্প্রদায়ের লোকেরা সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সাধক কবি রামপ্রসাদের গানেও তার উল্লেখ রয়েছে। কবি লিখেছেন , ' মা আমায় আর ঘুরাবি কত / চোখ বাঁধা কলুর বলদের মত।' ঘানি যন্ত্রের ওই রূপকের আড়ালেই একসময় প্রচলিত ছিল একটি খেলা। খেলাটির নাম ' কলুর ঘানি ঘোরা ' বা ' ঘানি ঘোরা।'



                            ছেলেমেয়ে একসঙ্গে বা ভিন্ন ভিন্ন ভাবে খেলাটি চলে। সমান সংখ্যক খেলোয়াড় নিয়ে দুটি আলাদা আলাদা দল গড়ে নিতে হয় আগে। দল গঠনের পদ্ধতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তবে এই খেলায় সাধারণ লাইন দাঁড় করিয়ে খেয়োয়াড়দের ডান দিক  আর বাঁদিকে সমানভাবে ভাগ করে নেওয়া হয়। অর্থাৎ লাইনে অবস্থানকারী প্রথম খেলোয়াড় যদি লাইন থেকে সরে ডান দিকে দাঁড়ায় তাহলে তার পরের জন বাম দিকে গিয়ে দাঁড়াবে। এইভাবে ক্রমান্বয়ে সব খেলোয়াড় দু'ভাগ হলেই দুটি দল গড়ে ওঠে। অনেক সময় পছন্দের খেলোয়াড়ের দলভুক্ত হওয়ার জন্য  কৌশল অবলম্বনেরও ঘটনা ঘটে। এজন্য হিসাব করে লাইনে দাঁড়ানোর প্রবনতা দেখা যায়। অর্থাৎ কেউ লাইনের  প্রথমে দাঁড়ানো খেলোয়াড়ের দলভুক্ত হতে চাইলে সে লাইনের তৃতীয় বাঁ পঞ্চম স্থানে দাঁড়ানোর চেষ্টা চালায়।একই ভাবে লাইনের দ্বিতীয় স্থানাধিকারীর দলভুক্ত হতে চাইলে চতুর্থ বা ষষ্ঠ স্থানে দাঁড়ানোর জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তবে এই প্রচেষ্টাটা খুব মুন্সীয়ানার সঙ্গে চালাতে হয়। নাহলে বিষয়টি জানাজানি হয়ে গেলে উল্টো বিপত্তিও ঘটতে পারে।সংখ্যা গরিষ্ঠ খেলোয়াড়রা একমত হলে তখন পর্যায়ক্রমটা ঘুরিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রথম স্থানাধিকারী পরিবর্তে দ্বিতীয় স্থানাধিকারীর সঙ্গে জুড়ে দেওয়া হয় তৃতীয়কে আর প্রথম স্থানাধিকারীর সঙ্গে যুক্ত হয় চতুর্থজন।পর্যায়ক্রম ঘোরানোর ঐক্যমতে পৌঁছোতে না পারলে অবশ্য চূড়ান্ত মনোমালিন্যের সৃষ্টি হয়। সেক্ষেত্রে হয় সেদিনের মতো হয় খেলা ভণ্ডুল হয়ে যায় , নয়তো শুরু হয় দল গঠনের নতুন প্রক্রিয়া। 

                                             
                                               দল গঠনের পর কোন দল আগে দান নেবে তা টসের মাধ্যমে স্থির করে নেওয়া হয়। খেলার জন্য মাঠের মাঝে ছোট্ট একটি গর্ত করে করে নেওয়া হয়।গর্তটিকে বলা হয় 'জাঠ '। বলাবাহুল্য ঘানিতেও ওই নামে একটি যন্ত্রাংশ রয়েছে। নিয়মানুযায়ী টসজয়ী দলের খেলোয়াড়রা ওই 'জাঠ' ঘিরে হাত ধরাধরি করে বৃত্তাকারে ঘোরে। বিপক্ষ দলের খেলোয়াড়রা বাইরে থেকে তাদের পাহারা দেয়। নিয়ম হলো , ওইভাবে ঘুরতে ঘুরতেই হাত ছাড়িয়ে একজন করে খেলোয়াড়কে বিপক্ষের ছোঁওয়া বাঁচিয়ে ছুটে পালাতে হবে। বিপক্ষদের তাকে তাড়া করে নিজ নিজ ১০ লাফ দুরত্বের মধ্যে তাঁকে ছুঁতে হয়।কারণ যেখানে ওই খেলোয়াড়কে ছোঁওয়া হয় সেখান থেকে যে খেলোয়াড় ছুঁয়েছে তাঁকে ১০ লাফে ' জাঠে ' পৌঁচ্ছোতে হয়। তবেই যাকে ছোঁওয়া হয়েছে সে ' মরা ' বলে বিবেচিত হয়।তখন বিপক্ষ দল দান নেওয়ার সুযোগ লাভ করে।


                                      অন্যথায় অন্য খেলোয়াড়ও একে একে ওইভাবে হাত ছাড়িয়ে ছোঁওয়া বাঁচিয়ে চলে যায় । তারপর সর্বশেষ খেলোয়াড়কে 'জাঠের' গর্তে গোঁড়ালি রেখে পাকে পাকে ঘুরতে হয়। তারপর সুযোগ বুঝে তাকেও ছোঁওয়া বাঁচিয়ে পালাতে হয় ১০ লাফের বেশি নিরাপদ দুরত্বে। আর সে নিরাপদ দুরত্বে ছুটে পালিয়ে আসতে পারলেই তার দলের খেলোয়াড়রা 'তেল'ও - 'তেল'ও বলে সমস্বরে চিৎকার করে ওঠে। অর্থাৎ একবার তেল বের করার প্রক্রিয়া সম্পূর্ণ হয় বা ' চিক ' দেওয়া হয়। ফের একই প্রক্রিয়ায় খেলা চলে। যতক্ষণ পর্যন্ত টস জয়ী দলের কেউ ' মরা ' না হয় ততক্ষণ পর্যন্ত বিপক্ষ দলের দান নেওয়ার সুযোগ ঘটে না। খেলা শেষে যে দল বেশি তেল সংগ্রহ করতে পারে সেই দল জয়ী বলে স্বীকৃতি লাভ করে।সভ্যতার বিবর্তনে আজ হারিয়ে গিয়েছে 'কলুর' বলদের ঘানি ঘোরার সেই ক্যাঁচোর ক্যোঁচোর শব্দ। মেসিনেই এখন তৈলবীজ পেষাই করে উৎপাদিত হচ্ছে তেল। হারিয়ে গিয়েছে কচিকাঁচাদের  ঘানি ঘোরা খেলার সেই ' তেল'ও- তেল'ও চিৎকার। আরও বিভিন্ন খেলার মতো এই খেলাটিকে গ্রাস করে  নিয়েছে কম্পিউটার কিম্বা স্মার্ট ফোনের ভিডিও গেম।                                             

                    
                                                                      

      (  চলবে )


         নজর রাখুন / সঙ্গে থাকুন 



    





                      --------০--------
                                            

No comments:

Post a Comment