Short story, Features story,Novel,Poems,Pictures and social activities in Bengali language presented by Arghya Ghosh

কীর্তি যস্য --- ১১ ( অসিকার )






                                                                


                       

               ধারের কবি অসিকার





                                                          
                                                             



                           অর্ঘ্য ঘোষ





‘ নামের মতোই লেখায় ধার / নামটি তাহার অসিকার ।’  কে এই ছড়ার সৃষ্টিকর্তা তা নিশ্চিত করে বলা যায় না। তবে কোন একটি সাহিত্য সভায় কবিতা পাঠের পর তার সম্পর্কে ছন্দ মিলিয়ে ছড়ার মাধ্যমে ওই মন্তব্য করেছিলেন কোন এক সাহিত্যকর্মী। সেই ছড়াটিই  এখন জেলার সাহিত্য মহলে অনেকের মুখে মুখে ফেরে। বাস্তবিকই অসিকার রহমান ভারের নয় , ধারের কবি। তার লেখা কবিতায় ঝলসে ওঠে বিদ্যুৎ। শোনা যায় অমোঘ উচ্চারণ ‘ -- নন্দীগ্রাম ছুটছে আমলাশোল ছুটছে / ঝনঝন শব্দে ছুটে চলেছে / জোনাকির মালা , রাতের রেলগাড়ি  / রাজা ও প্রজা ছুটছে
সবাই / উর্দ্ধশ্বাসে ছুটছে উঠোন , ছুটছে বাড়ি।’



              ১৯৫২ সালের ৩০ মে  নানুরের প্রত্যন্ত গ্রাম দীঘিরপাড়ায় এক প্রান্তিক চাষি পরিবারে জন্ম তার। বাবা সেখ ইব্রাহিম ছিলেন কৃষিজীবি মানুষ। মা জারিয়া ইব্রাহিম গৃহবধু। মাত্র দশ  বছর বয়েসেই বাবাকে  হারান তিনি। তাই শৈশব থেকেই শুরু হয় জীবন সংগ্রাম। পাঁচ ভাইবোন সহ সাত সদস্যের সংসারে পেটের তাগিদে কৃষিকাজের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে হয়। স্থানীয় গড়পাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকের পাঠ শেষ করে খুজুটিপাড়া রাধাগোবিন্দ জিউ হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।পরে খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয় থেকে বি,এ পাশ করে প্রাইমারি শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন।



                                         ছাত্রাবস্থাতেই সাহিত্যের প্রতি তার অনুরাগ জন্মায়। তিনি তখন অষ্টম শ্রেণীর ছাত্র। স্কুল ম্যাগাজিনে অন্যান্য ছাত্রছাত্রীদের ছাপার অক্ষরে নাম দেখে তারও মনের মধ্যে লেখালিখির তাগিদ জন্মায়। শুরু করে দেন লেখালিখি। ১৯৭৩ সালে বোলপুর থেকে প্রকাশিত সুন্দরগোপাল সাহিত্যরত্ন সম্পাদিত ‘ জোনাকি মন ’ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম কবিতা। তারপর থেকেই সাহিত্যের বিভিন্ন ধারায় অবাধে বিচরণ করেছেন। দেশ , সৈনিক সমাচার , কলেজস্ট্রীট, উত্তরদেশে , ধ্বনি , দৈনিক বাংলাদেশ বার্তা , দৈনিক পত্রদূত  নতুনগতি , কলম , দিনদর্পণ , আজকাল সহ দেশ বিদেশের বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা সমাদরের সঙ্গে প্রকাশিত হয়েছে। সব মিলিয়ে  তার প্রায়  এক হাজার কবিতা , চল্লিশটি প্রবন্ধ এবং দশটি গল্প ওইসব পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে  বারোটি কবিতার বইও। তার মধ্যে ‘ রমণী বিদ্ধ ’ , ‘ বারুদ বাসর ’, ‘ স্বর্গ বিতরণ ’ , ‘ ভিতরে স্বয়ংবর ’ অন্যতম।


                             
                              পাশাপাশি ১৯৭৫ সাল থেকে ধারাবাহিক ভাবে তার সম্পাদনায় প্রকাশিত হয়ে চলেছে ‘উন্মোচন’ নামে একটি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। ওই পত্রিকাকে ঘিরে গড়ে উঠেছে একটি সাহিত্যগোষ্ঠী। প্রত্যন্ত এলাকায় সাহিত্যচর্চা বিকাশে অগ্রণী ভূমিকা পালনের জন্য ২০১১ সালে কলকাতার ‘ নতুনগতি ’ পত্রিকা গোষ্ঠী ‘উন্মোচন ’ পত্রিকাকে ‘লিটিল ম্যাগাজিন’ পুরস্কার দেয়। তার এহেন সাহিত্য সাধনার জন্য বিভিন্ন সময়ে জেলা তথ্য সংস্কৃতি দফতর , গণশিক্ষা পত্রিকাগোষ্ঠী , ত্রিনয়নী সাহিত্য সংসদ, অ্যাকাডেমি অফ বেঙ্গলী পোয়েট্রি , বুলবুল পত্রিকা গোষ্ঠী ,  পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমী , মহুয়া পত্রিকা গোষ্ঠী , বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসব কমিটি , নয়াপ্রজন্ম পত্রিকাগোষ্ঠী, রাহিলা সংস্কৃতি সংঘ সহ বিভিন্ন সংস্থা এবং প্রতিষ্ঠান ‘ সারস্বত কবি সম্মান ’ , ‘ বরকত স্মৃতি সাহিত্য পুরস্কার ’ ‘আব্দুল জাব্বার স্মৃতি পুরস্কার ’ , ‘ কবিগুরু স্মারক সম্মান ’ সহ বিভিন্ন পুরস্কার দিয়েছে তাকে।


                               বর্তমানে খুজুটিপাড়ায় দুই ছেলে , স্ত্রী নারায়ণীদেবীকে নিয়ে তার ছোট্ট সংসার। স্ত্রীও স্কুল শিক্ষিকা। আজও বয়েসকে তুড়ি মেরে কোথাও সাহিত্য সভার ডাক পেলে হাজির হয়ে যান সদা তরুণ অসিকার রহমান। সাহিত্য সাধনাতেই তিনি প্রাণের আনন্দ খুঁজে পান। তাই সেই আনন্দের খোঁজেই ছুটে বেড়ান।


                 -----০----



     নজর রাখুন / সঙ্গে থাকুন 


শীঘ্রই দেশ প্রকাশন থেকে প্রকাশিত হতে চলেছে আমার তৃতীয় উপন্যাস ------
  
                                  


                    


অর্পিতা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে সালিশির রায়ে সর্বস্ব হারানো এক আদিবাসী তরুণীর কথা ও কাহিনী---  







দেশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে -----







                   ----০---











No comments:

Post a Comment